নিউট্রিনো সায়েন্স ক্লাব (NSC) ও জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, গাজীপুর মহানগরী শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো "জুনিয়র সায়েন্স ফেস্ট ও অলিম্পিয়াড ২০২৫"।
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউট্রিনো সায়েন্স ক্লাব (NSC) এবং ফুলকুঁড়ি আসর, গাজীপুর মহানগরী শাখার যৌথ উদ্যোগে আজ ২৪ অক্টোবর (শুক্রবার) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ প্রাঙ্গণে অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো "জুনিয়র সায়েন্স ফেস্ট ও অলিম্পিয়াড ২০২৫"।
অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৪৩টি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রদর্শনী ও বিচারকার্যের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক দক্ষতা এবং সৃজনশীলতা উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর প্রাক্তন পরিচালক এম. জাকারিয়া হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন গাজীপুর মহানগরীর পরিচালক আবুল আলা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা সহকারী পরিচালক অগ্র. ফয়সাল আব্দুল্লাহ ফাহিম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মো. কাউসার (লেকচারার, ফার্মেসি বিভাগ, মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ঢাকা) এবং সাইফুল ইসলাম।
সকাল ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রজেক্ট প্রদর্শনী ও বিচারকার্য অনুষ্ঠিত হয়। পাশাপাশি অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য ছিল বিজ্ঞান কুইজের আয়োজন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিজ্ঞান কুইজে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে এবং চ্যাম্পিয়ন প্রজেক্টকে ৩,০০০ টাকা প্রাইজমানিসহ সেরা ৩টি প্রজেক্টকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
নিউট্রিনো সায়েন্স ক্লাব (NSC) এবং ফুলকুঁড়ি আসর, গাজীপুর মহানগরী শাখার এই যৌথ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।




